পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরে ফেরা মানুষের সুবিধার্থে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন মঙ্গলবার (১৭ মার্চ)। আজ অনলাইনে পাওয়া যাচ্ছে আগামী ২৭ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ এবং ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ বিক্রি করা হয়েছে। এছাড়া ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
এদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সময় নির্ধারণ করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। একবারে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে এবং কোনো টিকিট রিফান্ড করা হবে না।