বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের অন্তর্ভুক্ত হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কল্যাণ ইউনিয়নের (রেজি: ২২৪৭) সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন গতরাত প্রায় দেড়টার সময় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম বেলায়েত হোসেনের জানাজা নামাজ গতকাল সোমবার সকাল ১১টায় মরহুমের গ্রামের বাড়ি মিরসরাইয়ের বড় তাকিয়া বাজারের মগাদিয়া, শেখের তালুক এলাকার প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কল্যাণ ইউনিয়নের (রেজি: ২২৪৭)এর সভাপতি সাব্বির আহমদ উসমানি, মিরসরাই উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুল ইসলাম টিটু, মোশাররফ, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সাবেক সভাপতি অহিদুল ইসলাম শহীদ, সাবেক সভাপতি শাহজাহান, ইউনিয়ন সেক্রেটারি রমজান আলী, ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক সাইদ হোসেন হেলাল, অফিস সম্পাদক মহি উদ্দিন, হোটেল শ্রমিক নেতা আবদুস সাত্তার সহ মরহুমের সহকর্মী, শ্রমিক আন্দোলনের সহযোদ্ধা সহ সর্বস্তরের সাধারণ জনতা। শ্রমিক নেতা বেলায়েত হোসেনের ইন্তিকালে নগর শ্রমিক কল্যাণের গভীর শোক প্রকাশ

শ্রমিক নেতা মুহাম্মদ বেলায়েত হোসেনের ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বেলায়েত হোসেন ছিলেন একজন নিবেদিতপ্রাণ, সাহসী ও দায়িত্বশীল শ্রমিক নেতা, যিনি দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ ও সংগঠন শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।

মুহাম্মদ বেলায়েত হোসেন স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।