২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে চমকপ্রদ সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে বৃত্তি অর্জন করেছে ১৫২ জন। মেধা বৃত্তি পেয়েছে ৪৭ জন এবং ১০৫ জন পেয়েছে সাধারণ বৃত্তি। তথ্যমতে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সংশ্লিষ্ট থানার আওতায় প্রাপ্ত ৪৯টি মেধা বৃত্তির মধ্যে ৪৭টি অর্জন করেছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে, ১০৫টি সাধারণ বৃত্তির সবগুলো এককভাবে অর্জন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মাইলস্টোন কলেজ। এ ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘নিয়মিত পাঠদান, নিবিড় তদারকি, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা এ চমকপ্রদ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে’। জুনিয়র বৃত্তি পরীক্ষায় অনন্যসাধারণ ফলাফল অর্জন করায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মিসেস মমতাজ বেগম, প্রতিষ্ঠানের উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.) এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি। এতে ৯টি শিক্ষা বোর্ডে মেধা ও সাধারণ মিলিয়ে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২০০ জন। ঢাকা শিক্ষা বোর্ডে মেধা বৃত্তি পেয়েছে ৩ হাজার ৬২২ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৭ হাজার ৭৬২ জন। প্রেসবিজ্ঞপ্তি।