বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ ক্ষেত্রে শেরপুর-৩ আসনে গণভোট অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ, আপিল দায়ের ৬ থেকে ১০ মার্চ, আপিল নিষ্পত্তি ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল (বৃহস্পতিবার)।

সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছিল। ওই নির্বাচনে অন্য আসনগুলোতে গণভোটের প্রক্রিয়া থাকলেও শেরপুরে তা আর প্রয়োজন হচ্ছে না।

তিনি বলেন, গণভোটের যে ব্যবধান ছিল, তাতে নতুন করে এটি অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা কমিশন বোধ করছে না। তাই শুধুমাত্র সাধারণ ব্যালটে ভোট হবে।

গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে শেরপুর-৩ আসনে প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত হয়। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়। এই দুই আসনেই এবার পোস্টাল ব্যালট এবং বিশেষ কারিগরি সুবিধা (আইসিপিভি ও ওসিবি) বজায় থাকবে।