ম্যাক মাস্টার ইংলিশ মিডিয়াম স্কুল-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত এক আনন্দোৎসবে পরিণত হয়।

সকালে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, মাঠভিত্তিক ক্রীড়া এবং অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল “ড্রেস অ্যাজ ইউ লাইক” পর্ব, যেখানে শিক্ষার্থীরা সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন পিএলসি-এর রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) জনাব লিটন আব্দুল্লাহ এবং পিয়ারসন-এর রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব জান্নাতুল ফেরদৌস সিগমা।

বক্তব্যে জনাব লিটন আব্দুল্লাহ বলেন, ঢাকা শহরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে। সেই প্রেক্ষাপটে শিশুদের জন্য উন্মুক্ত বৃহৎ মাঠে সারাদিনব্যাপী খেলাধুলার আয়োজন অত্যন্ত প্রয়োজনীয় ও প্রশংসনীয়। তিনি বিদ্যালয়ের অধ্যক্ষ জনাবা লায়লা আরজুমান বানু ও সহকারী অধ্যক্ষ রওশন মেহতাবকে এমন একটি সুশৃঙ্খল ও সুন্দর আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান।

জনাব জান্নাতুল ফেরদৌস সিগমা তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে। নিয়মিত খেলাধুলা তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।