চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ৩৬ হাজার ৮৫৬ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
আজ রোববার (১ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ২৪৫ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৮৪৯ কোটি ডলার।