দেশের অন্যতম শীর্ষ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-কে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ষড়যন্ত্র এবং ব্যাংক লুটেরারূপে পরিচিত এস আলম গ্রুপের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে ব্যাংক দখলের পাঁয়তারার প্রতিবাদে কুমিল্লায় বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত সাধারণ গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বতন্ত্র চরিত্র ও শরিয়াহভিত্তিক কার্যক্রম রক্ষার দাবি জানান এবং ব্যাংকের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অ্যাডভোকেট নাছির আহম্মদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা হিফজুর রহমান, চৌয়ারা ফাজিল মাদরাসার শিক্ষক অধ্যাপক ড. সাইফুল হক চৌধুরী, অ্যাডভোকেট জিল্লুর রহমান, হাফেজ হুমায়ুন কবির, জুলাই আন্দোলনের যোদ্ধা মনির হোসেন, উম্মে কুলসুম তানিয়া, ডা. জহিরুল হক, শামসুল আলম মজুমদার, খাড়াতাইয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ এবং বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। একটি সফল ও জনমুখী ব্যাংককে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা দেশের অর্থনীতির জন্য অশনিসংকেত। তারা অভিযোগ করেন, বিশেষ মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে হস্তক্ষেপ করে প্রতিষ্ঠানটিকে দুর্বল করার চেষ্টা করছে।
তারা আরও বলেন, গ্রাহকদের আমানত ও ব্যাংকের স্বকীয়তা রক্ষায় দেশের সচেতন জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধ না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বাধীনতা, স্থিতিশীলতা ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন