বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর কার্যক্রমসমূহের ওপর অধিকতর স্বচ্ছতা ও গতিশীলতা আনয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বিএডিসি প্রদত্ত সেবা কৃষকদের নিকট যথাসময়ে পৌঁছে দেয়ার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করে যাচ্ছেন বিএডিসি’র চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম। এরই ধারাবাহিকতায়, ৩০ মার্চ কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি হাইব্রিড টমেটো বীজ, হাইব্রিড মিষ্টি কুমড়া, গজ করলা ইত্যাদি ফসলের বীজ উৎপাদন মাঠ, বিদ্যমান জার্মপ্লাজম সেন্টার এবং জার্মপ্লাজম সেন্টারে ট্রায়ালাধীন বিভিন্ন জাতের উদ্যান জাতীয় ফসলের গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। । পরিদর্শনকালে তিনি বলেন যে, প্রতি বছর উদ্যান উন্নয়ন কেন্দ্রের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সমুদয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং উদ্ভাবিত উদ্যান জাতীয় ফসলের জাতসমূহ কৃষকদের দোরগোড়ায় যথাসময়ে পৌছে দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। পরবর্তীতে ৩১ মার্চ তিনি টাঙ্গাইলের মধুপুর বীজ উৎপাদন খামারে উৎপাদিত বিভিন্ন ফসলের মাঠ নিবিড়ভাবে পরিদর্শন করেন এবং গমবীজ ফসলের গ্রো-আউট টেস্ট মূল্যায়ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে তিনি বলেন যে, বিএডিসির বীজ সারাদেশের কৃষকদের নিকট অত্যন্ত সমাদৃত। সুতরাং সংস্থার মাধ্যমে উৎপাদিত সমূদয় ফসলের বীজ উৎপাদনের মান, উৎকর্ষ বৃদ্ধিকল্পে আরো উদ্যোগী ও তৎপর হতে হবে। অধিক ফসল উৎপাদনে বীজের বিশুদ্ধতা বাড়ানোর কোনই বিকল্প নেই। পরবর্তীতে মধুপুর প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন যে, সকল ধরনের কার্যক্রমে আর্থিক বিধি-বিধান এবং পিপিআর- ২০২৫ পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটিয়ে কোন কার্যক্রম সম্পাদিত হলে এর দায়ভার সংশ্লিষ্ট কর্মকর্তাকে বহন করতে হবে। একইসঙ্গে তিনি বর্তমান সরকার গৃহীত নীতি-পলিসি এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করে কৃষকদের নিকট বিএডিসি প্রদত্ত সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে অধিকতর দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কর্মসম্পাদনের জন্য বিশেষভাবে গুরুত্বারোপ করার পাশাপাশি এলাকা ভিত্তিক বীজ ও সারের চাহিদা নিরূপণ করে বা কৃষি সম্প্রসারণ হতে প্রণীত চাহিদা সংগ্রহ করে সে আলোকে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। প্রেসবিজ্ঞপ্তি।