সারিয়াকান্দি সংবাদদাতা: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনার চরাঞ্চলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে ওষুধি গুণসম্পন্ন ফসল কালোজিরা চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং গতবারের তুলনায় ফলন ও দাম ভালো পাওয়ার আশায় কৃষকদের মুখে এখন হাসির ঝিলিক। অল্প খরচ আর কম পরিশ্রমে অধিক লাভের স্বপ্ন দেখছেন স্থানীয় চাষিরা।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত বছর এ উপজেলায় কালোজিরা চাষের লক্ষ্যমাত্রা ছিল ১০ হেক্টর এবং অর্জিতও হয়েছিল সমান পরিমাণ জমি। চলতি মৌসুমেও কৃষি বিভাগ ১০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে মাঠ পর্যায়ে কৃষকদের আগ্রহ বাড়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার মোট ১২ হেক্টর জমিতে কালোজিরা চাষ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে যমুনার পলি ও বেলে-দোআঁশ মাটিতে কালোজিরার ফলন বেশ ভালো হয়েছে। বিশেষ করে চালুয়াবাড়ি, কাজলা, হাটশেরপুর ও সদর ইউনিয়নের চর বাটিয়া এলাকায় মাইলের পর মাইল কালোজিরার সাদা ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। মৌমাছি আর ভোঁমর মধু আহরণে ভিড় জমাচ্ছে, যা পরাগায়নেও সহায়তা করছে। চর বাটিয়ার কৃষক আবু সাঈদ জানান, কালোজিরা চাষে খরচ তুলনামূলক অনেক কম। একবার বীজ বপন করলে তেমন নিড়ানি বা সেচের প্রয়োজন হয় না। সার ও কীটনাশকও লাগে নামমাত্র।
কৃষকদের মতে, গত বছরের সফলতায় অনুপ্রাণিত হয়ে এবার তারা বেশি জমিতে আবাদ করেছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের পাশাপাশি বাজারমূল্যও ভালো পাওয়ার আশা তাদের।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানায়, কালোজিরা একটি লাভজনক ও ওষুধি ফসল। কৃষকদের সঠিক পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদানের ফলে এই অঞ্চলের কৃষকরা অর্থকরী ফসল হিসেবে কালোজিরা চাষে ঝুঁকছেন। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে এবার অনেক বেশি উৎপাদন হবে বলেও জানান এই কর্মকর্তা।