মো. সাইফুল্লাহ, শ্রীপুর (মাগুরা) : মাগুরার শ্রীপুরে বারোমাসী সিডলেস চায়না-৩ লেবু চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. কামাল হোসেন। পেশায় একজন পল্লী পশু চিকিৎসক হয়েও ইউটিউব দেখে শুরু করেন কৃষি কাজ। বর্তমানে তিনি ৫৫ শতক জমিতে বারোমাসী সিডলেস চায়না-৩ জাতের লেবু এবং সাথী ফসল হিসেবে বারোমাসী ভিয়েতনামী মালটা, বেগুন, লাউ এবং শাকসবজীর চাষ শুরু করে বর্তমানে তিনি বারোমাস অর্থ উপার্জন করছেন। ইতোমধ্যে এলাকার শিক্ষিত ও অশিক্ষিত বেকার যুবকরা কামাল হোসেনকে অনুসরণ করতে শুরু করেছেন। উপজেলা কৃষি বিভাগ তাকে সর্বাত্মক সহযোগিতা করছে।
এ ব্যাপারে কৃষি উদ্যোক্তা কামাল হোসেন বলেন, আমার বাগান থেকে পর্যায়ক্রমে প্রতি পিচ লেবু ৫ টাকা ৫০ পয়সা থেকে শুরু করে ৬-৭ টাকা দরে বিক্রি হলেও রমজানের কারণে এখন প্রতি পিচ ১০টাকা দরে পাইকিরি বিক্রি হচ্ছে। ইতোমধ্যে বাগান থেকে পাইকাররা নিয়মিত লেবু ক্রয় করছে। বারোমাসই আমার বাগানের লেবু গাছে কম বেশি লেবু ধরে। এ লেবুর বিশেষত্ব হলো লেবুর ভিতরে কোন বিচি নেই। লেবুর চামড়া পাতলা এবং প্রচুর পরিমাণে রস থাকে। যার কারণে এর চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।
দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এ জাতের লেবুর চারা তার কাছ থেকে সংগ্রহ করতে যোগাযোগ করছে। তাছাড়া যে কেউ যোগাযোগ করলে তিনি স্ব উদ্যোগে চারা পৌঁছানোর ব্যবস্থা করবেন। দেশের বিভিন স্থানের কৃষি সংশ্লিষ্ট জনেরা তার মুঠোফোন ০১৭১২৪৫০৩৩৫ নম্বরে কথা বলে চারা গ্রহণ করতে পারবেন।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ন কবির বলেন, সীডলেস লেবুর প্রচুর রস এবং সুগন্ধী। রমজানে এ লেবুর চাহিদা বেশি থাকায় আশা করছি চলতি রমজানে ওই কৃষক ন্যায্যমূল্য পাবেন। কৃষি বিভাগ থেকে প্রযুক্তিগত দিকসহ তাকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এ অঞ্চলের জন্য কামালের এ লেবু বাগানটি একটি আদর্শ লেবু বাগান। আমি কামাল হোসেনের লেবু চাষে ব্যাপক সফলতা কামনা করছি।