দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভরিতে এক লাফে ৪ হাজার ৩৭৪ টাকা দাম বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৪১৪ টাকা।
পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যেখানে ২১ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১২ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৬৪ বারই দাম বেড়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমেছিল স্বর্ণের দাম।
এদিকে, বিশ্ববাজারেও স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তা এবং ইরান সঙ্গে দেশটির চলমান উত্তেজনার প্রেক্ষিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর চাহিদা বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৩২ দশমিক ২১ ডলারে পৌঁছেছে। ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় সাড়ে ৬ শতাংশ বেড়েছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৫ হাজার ২৫৩ দশমিক ২০ ডলার ছুঁয়েছে।