দেশের বাজারে স্বর্ণের দাম কমার ২৪ ঘণ্টা পার হতে না হতেই আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপট ও দেশের অভ্যন্তরীণ বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও বড় পরিবর্তন এনেছে বাজুস। প্রতি ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৬ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার ক্ষেত্রেও স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্যবৃদ্ধিকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।