দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে এবং পাচারকারীদের ধরতে এক অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে যারা জ্বালানি তেলের অবৈধ মজুদকারী বা পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবেন, তাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই বিশেষ পুরস্কারের কথা জানায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটের সুযোগ নিয়ে একটি চক্র অবৈধভাবে তেল মজুদ করছে এবং দেশের বাইরে পাচারের চেষ্টা চালাচ্ছে।
এই অসাধু চক্রকে রুখতেই সাধারণ জনগণকে সম্পৃক্ত করার এই পরিকল্পনা নেওয়া হয়েছে। সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান সফল হলে তথ্যদাতাকে এই অর্থ প্রদান করা হবে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, স্থানীয় জেলা প্রশাসন বা আইন-শৃঙ্খলা বাহিনীকে এই তথ্য প্রদান করা যাবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।