দেশের বাজারে টানা সাত দফা কমার পর আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২৮ মার্চ) সকালে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়ানো হয়েছে।

নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। আজ শনিবার সকাল ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের সরবরাহ ও দামের পরিবর্তন হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে টানা সাতবার দাম কমিয়ে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিলেও আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের অস্থিরতায় আবারও দাম বাড়ানোর পথে হাঁটল সংগঠনটি।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়েছে। তবে রূপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

উল্লেখ্য যে, গত কয়েক সপ্তাহ ধরে স্বর্ণের বাজারে ধারাবাহিক দরপতন লক্ষ্য করা গিয়েছিল।

কিন্তু আজকের এই আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ক্রেতা ও গয়না ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।