দেশের বাজারে স্বর্ণের দাম যেন থামছেই না। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এই মহামূল্যবান ধাতুর দাম।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভরিতে আরও ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হচ্ছে।

বাজুসের তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার প্রেক্ষাপটে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এখন থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। এছাড়া অন্যান্য মানের স্বর্ণের দামও পাল্লা দিয়ে বেড়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দামে লাগামহীন ঊর্ধ্বগতি থাকলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের দামেই স্থির রয়েছে রুপার বিকিকিনি।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৬ হাজার ৭০৭ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকায় পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২১ ফেব্রুয়ারিও স্বর্ণের দাম এক দফা বাড়ানো হয়েছিল। সে সময় ভরি প্রতি ৩ হাজার ২৬৬ টাকা বেড়েছিল।