বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে মার্চ মাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফেব্রুয়ারির মতো মার্চেও প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা ও কেরোসিন ১১২ টাকায় পাওয়া যাবে।
এই মূল্যহার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এ ছাড়া আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার অংশ হিসেবেই মার্চ মাসের এই দর ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে। দেশের জ্বালানি চাহিদার ৬৫ থেকে ৭০ শতাংশ আমদানিনির্ভর। এর বেশির ভাগ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)।
এসব পণ্যের বড় অংশ আমদানি হয় মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশ কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে। বিশেষ করে এলএনজি ও অপরিশোধিত জ্বালানি তেলের একক সরবরাহ উৎস কাতার, সৌদি আরব ও আরব আমিরাত।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের তীব্রতা বাড়লে এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে তা বাংলাদেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনাসহ আর্থিক খাতে বড় সংকট তৈরি করতে পারে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।