পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন।
সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, একান্ত ব্যক্তিগত কারণে আমি আজ পদত্যাগ করেছি। বয়স হয়েছে এখন আর দায়িত্ব নিতে চাচ্ছি না, অবসরের বাকি সময়টুকু রিলাক্সে থাকতে চাই।
গত বছরের ৭ ডিসেম্বর মোহাম্মদ আইয়ুব মিয়াকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। তিনি সরকারের সাবেক সচিব।
২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গভর্নরের দায়িত্ব নিয়ে আহসান এইচ মনসুর ব্যাংক খাতের কয়েকটি প্রতিষ্ঠান দেউলিয়ার পথে এমন বক্তব্য দেওয়ার পর এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে আমানতের টাকা তোলার হিড়িক পড়ে। পরে এই পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে।
নতুন ব্যাংকটি মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। আমানতকারীদের মধ্যে বাকি ১৫ হাজার কোটি টাকার তহবিল দেওয়া হবে। এছাড়া প্রায় ৭৮ লাখ আমানতকারীর আমানত বিমা তহবিল থেকে দুই লাখ টাকা করে মোট ১২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।