চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.১৩ শতাংশে। এর আগের মাস জানুয়ারিতে এই হার ছিল ৮.৫৮ শতাংশ। অর্থাৎ জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে দ্রব্যমূল্যের চাপ কিছুটা বেড়েছে। রোববার (৮ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিবিএস-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে সাধারণ, খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় বেড়েছে। ফেব্রুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৩০ শতাংশে, যা জানুয়ারিতে ছিল ৮.২৯ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.০১ শতাংশে, যা গত জানুয়ারি মাসে ছিল ৮.৮১ শতাংশ।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় এবারের মূল্যস্ফীতি কিছুটা কম। গত বছরের তুলনায় খাদ্য খাতের মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও অন্য সাধারণ ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমেছে। গত বছরের (২০২৫) ফেব্রুয়ারি মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯.৩২ শতাংশ। সে সময় খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯.২৪ শতাংশ এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৩৮ শতাংশ। বিবিএস জানায়, প্রতি মাসেই মাঠ পর্যায় থেকে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য সংগ্রহ করে এই সূচক তৈরি করা হয়। ২০২১-২২ ভিত্তি বছর ধরে জাতীয়, পল্লী ও শহরÑ এই তিন ভাগে আলাদাভাবে মূল্যস্ফীতির হিসাব করা হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, ফেব্রুয়ারিতে মাসিক ভিত্তিতে (মাস টু মাস) সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে ০.৫৫ শতাংশ।