তোফাজ্জল হোসাইন কামাল

দেশজুড়ে জ্বালানি তেলের চলমান সঙ্কট পরিস্থিতিতে যাতে আইনশৃঙ্খলার কোন অবনতি ঘটতে না পারে সেজন্য মাঠ পর্যায়ের পুলিশকে কতিপয় নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। দেশের সকল পেট্রোল পাম্পে কড়া নজরদারি, সংকটকে কাজে লাগিয়ে যাতে মুনাফালোভীরা কোন সুযোগ নিতে না পারে সেদিকেও বিশেষ নজর দেয়ার কথা বলা হয়েছে। অবৈধ মজুদ ঠেকানোসহ জ্বালানি তেল নিয়ে যাতে কোন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত এক সভা থেকে মাঠ পর্যায়ের পুলিশকে এসব নির্দেশনা দেয়া হয়। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন এডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম। সভায় পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাসহ সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশের সকল ইউনিট প্রধান ও জেলার এসপিরা অংশ নেন।

জানতে চাইলে গতকাল সোমবার রাতে সভার সভাপতি এডিশনাল আইজি খোন্দকার রফিকুল ইসলাম দৈনিক সংগ্রামকে বলেন, সভাটি ছিল গত ফেব্রুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা। এ সভায় যথারীতি আলোচিত মাসের ঘটে যাওয়া অপরাধ সমূহ নিয়ে আলোচনা হয়। ফেব্রুয়ারি মাসের মামলার হ্রাসবৃদ্ধি নিয়ে আলোচনা শুরুর পর বিশেষ করে হত্যা, ডাকাতী, সিধেঁল চুরি, ছিনতাইর মতো উল্লেখযোগ্য অপরাধ নিয়ে পর্যালোচনার পর দেখা যায়, বিগত মাসের অপরাধ সংঘটনের হার তুলনামূলকভাবে কম। এ কম হওয়ার কারণ ছিল, জাতীয় নির্বাচনের কারনে। দেশের জনগন নির্বাচন কেন্দ্রীক ছিল, সচেতনও ছিলেন, যার কারণে নির্বাচনকালীন যে কোন সময়েই অপরাধের মাত্রা কম থাকে, কম ঘটে। তাছাড়া, মাসও ছিল ছোট। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় অপরাধ হ্রাসপেয়েছে বলে তিনি উল্লেখ করেনে। এছাড়া, পুরনো মামলা যে গুলো ছিল, তা দ্রুত তদন্ত করে আদালতে চার্জশীট দেয়ার জন্য তাগিদ দিয়েছি। পরোয়ানা যেগুলো আছে, সেগুলো যেন ঠিকমতো তামিল করা হয়।

জ¦ালানি তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে সভায় বলা হয়, অবৈধভাবে তেলের মজুদ করছে অনেকেই, তা যেন কোনভাবেই না হয় সেদিকে নজর বাড়াতে হবে। বিশেষ করে যে সব মোটর সাইকেল তেল নিয়ে বিশৃংখলার সৃষ্টি করছে, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। মোটর সাইকেলের কাগজপত্র যাচাই বাছাই করতে হবে, হেলমেট ব্যবহার করছে কিনা দেখতে হবে, সঠিক কাগজপত্র না থাকলে যেন কোন পাম্প তেল না দেয়, কোন কারণে যেন মোটর সাইকেলগুলোকে একাধিকবার তেল সরবরাহ না করে সেদিকেও নজর রাখার কথা বলা হয়। তিনি উল্লেখ করেন, দেখা যাচ্ছে কোন মোটর সাইকেল এক পাম্প থেকে তেল নিয়ে আবার অন্য ৩/৪টি পাম্পে গিয়ে আবার তেল নিচ্ছে। তেল নিয়ে গিয়ে বাইরে বিক্রি করছে- এসব ঘটনাগুলো দেখতে হবে বিশেষ করে। সভায় পাম্পগুলো অধিক লাভের আশায় কৃত্রিম সংকট তৈরি করে তেল বাইরে দিয়ে দিচ্ছে, এর প্রতি গোয়েন্দা নজরদারী বাড়ানোর নির্দেশ দেয়া হয়।

সভা সূত্র বলছে, দেশে যাতে জ¦ালানী তেলের কৃত্তিম সঙ্কট তৈরি করে কেউ বিশৃঙ্খলা না ঘটাতে পারে সে বিষয়ে মাঠ পুলিশকে কাজ করার জন্য আরো সক্রিয় ভূমিকা পালনে নির্দেশনা দেয়া হয়। এছাড়াপুলিশ হত্যাসহ বিভিন্ন মামলার তদন্ত কার্যক্রম, অভিযোগপত্র আদালতে দাখিল এবং বিচার ও সাজার হার সংক্রান্ত বিষয়গুলো, পাশাপাশি পরোয়ানা মুলতবি (ওয়ারেন্ট বাস্তবায়ন না হওয়া) বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। সভায় বিভিন্ন হত্যাসহ সব ধরনের মামলার দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত শেষ করা এবং মামলার বিচার ও সাজার হার নিশ্চিতে মাঠ পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের আরো যতœবান হতে সভা থেকে বিশেষ নির্দেশনা দেয়া হয়।

পুলিশ সদর দফতর সূত্র জানিয়েছে, গত ফেব্রুয়ারী মাসে সারাদেশে ৪২টি ডাকাতির মামলা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে ১৩৪টি। হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়েছে ২৫০টি। বিশেষ বিচার আইনে মামলা হয়েছে ৪৮টি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে ১১৮১টি। অপহরনের ঘটনায় মামলা হয়েছে ৬৪টি। পুলিশ অ্যাসল্ট (পুলিশের কাজে বাধা অথবা হামলা) মামলা হয়েছে ৪২টি। চুরি ও দূর্ধর্ষ চুরির ঘটনায় মামলা হয়েছে ৮ শ’র বেশি। অন্যান্য ঘটনায় মামলা হয়েছে ৫ হাজর ৫০৪টি। অস্ত্র, বিস্ফোরক, মাদক এবং বিভিন্ন চোরাচালান উদ্ধার সংক্রান্ত ঘটনায় মামলা হয়েছে ৩ হাজার ৬৮৮টি।

সূত্র মতে, এর আগের মাস জানুয়ারীতে সারাদেশে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ৫২টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে ১৬৩টি। হত্যা সংক্রান্ত মামলা হয়েছে ২৮৭টি। বিশেষ আইনে মামলা হয়েছে ৫৭টি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে ১২শ ৮১টি। অপহরনের ঘটনায় মামলা হয়েছে ৮৭টি। পুলিশ অ্যাসল্ট এর ঘটনায় মামলা হয়েছে ৪২টি। চুরি ও দুধর্ষ চুরির ঘটনায় মামলা হয়েছে ১ হাজার ৬০টি। অন্যান্য ঘটনায় মামলা হয়েছে ৫ হাজার ৫৮৯টি। অস্ত্র, বিস্ফোরক, মাদক চোরাচালনা উদ্দা সংক্রান্ত মামলা হয়েছে ৫ হাজার ৪৩৫টি। সর্বমোট মামলা হয়েছে ১৪ শত ৫৮টি।