সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্দশা লাঘবে পাশে দাঁড়াতে সরকার, সকল রাজনৈতিক দল, দাতা ও বেসরকারি সংস্থা সহ সমাজের বিত্তবান ও সক্ষম মানুষদের ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

গতকাল শুক্রবার রাজধানীর ভাটারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও নাজিম উদ্দিন মোল্লা, বসুন্ধরা থানা আমীর আবুল বাশার, ভাটারা থানা আমীর অ্যাডভোকেট রেজাউল করিম, বাড্ডা থানা আমীর কুতুব উদ্দিন ও ভাটারা থানা সেক্রেটারি সালমান আহমেদ প্রমূখ।

সেলিম উদ্দিন বলেন, ক্ষুধা, দারিদ্র ও সুশসানে বিচ্যুতি আমাদের জাতীয় জীবনের সকল অর্জনকে ম্লান করে দিচ্ছে। মূলত, সম্পদের সুসম বন্টনের অভাবেই আমাদের দেশে দারিদ্রতা বেড়েছে, পক্ষান্তরে বিত্তবানরা হয়েছে আরো বিত্তশালী। আর কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতিই সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বড় ধরনের প্রতিবন্ধক। তাই দেশের মানুষের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোন বিকল্প নেই। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, নাগরিকের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্রের উদাসীনতা ও ব্যর্থতার কারণেই মানুষ তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত। তাই জামায়াত গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আজ সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে যৎ সামান্য হাদিয়া নিয়ে হাজির হয়েছে। গণমানুষের জন্য আমাদের এমন আন্তরিকতা ও কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি দেশকে ক্ষুধা, দরিদ্র ও অপশাসনমুক্ত করতে সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।