মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাগেরহাটের দৃষ্টিদান চক্ষু হাসপাতাল-এর উদ্যোগে এবং শেখ আব্দুল হাই ফাউন্ডেশন, মোংলা-এর সহযোগিতায় এ সেবামূলক ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজিত কর্মসূচিতে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা পৌরসভার মরহুম চেয়ারম্যান শেখ আব্দুল হাই সাহেবের কুমারখালিস্থ বাসভবনের সামনের দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে ক্যাম্পটি পরিচালিত হয়। নির্ধারিত সময়ে আগত রোগীদের চোখের বিভিন্ন সমস্যার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ ও চিকিৎসা পরামর্শ সরবরাহ করা হয়।

চক্ষু বিশেষজ্ঞ ডা. তন্ময় সাহার তত্ত্বাবধানে গঠিত চিকিৎসক দল রোগীদের পর্যবেক্ষণ করেন। দীর্ঘদিন ধরে চোখের জটিলতায় ভোগা বেশ কয়েকজন রোগী প্রাথমিক চিকিৎসা ও পরামর্শের মাধ্যমে তাৎক্ষণিক সমাধান পান।

পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে ২৩ জন ছানি রোগীকে বাগেরহাটে অবস্থিত দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করে পুনরায় মোংলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। আয়োজক পক্ষ জানায়, সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের দৃষ্টিশক্তি রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।