চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন সেলটার ফর সাস্টিনেবল হিউম্যানিটি লাইফহুড ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় যাকাতের অর্থ দিয়ে তিনটি অসহায় পরিবারের জন্য ক্ষুদ্র দোকান স্থাপন, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান এবং কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসার প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করে দেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলার ভোলামারি, চাঁদপুর, হাজার বিঘি এলাকায় দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে এসব সহায়তা প্রদান করা হয়। ফাউন্ডেশনটির লক্ষ্য হলো সমাজের অসহায় মানুষকে দাননির্ভর না রেখে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে স্বাবলম্বী করে তোলা।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সমাজের বিত্তবান মানুষের যাকাতের অর্থ সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তাদের অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্য বাস্তবায়নে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় পরিবারকে ক্ষুদ্র ব্যবসার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।

সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তার মাধ্যমে তারা নতুনভাবে জীবিকা শুরু করার সুযোগ পেয়েছেন এবং ভবিষ্যতে নিজেদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুল বাশির, সাবেক মেম্বার জুলফিকার, বিশিষ্ট শিক্ষক আবুল কালাম মাস্টার, মাওলানা তোহসিন, কনসাট ইসলামী হাসপাতাল এর ম্যানেজার মিনহাজুল ইসলাম, জাহাঙ্গীর মাস্টার, গাজলুর রহমান মেম্বারসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, যাকাতের সঠিক ব্যবস্থাপনা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দরিদ্র মানুষের হাতে কর্মসংস্থানের সুযোগ তুলে দেওয়া গেলে তারা স্বাবলম্বী হতে পারবেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানভিত্তিক বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।