গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)। শুক্রবার বিকেলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন। পরিদর্শনকালে এমপি নজরুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ৫টি দোকানের ৬ জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার নলডাঙ্গা বাজারের অগ্রণী ব্যাংকের সামনে সিংগাপুর মার্কেটে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আগুনে নগদ অর্থ, বিভিন্ন পণ্য ও মূল্যবান মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নগদ আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার আমীর মো. এরশাদুল হক ইমন, উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, নলডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. আল আমিন, সেক্রেটারি মো. শফিউল আজম, বায়তুলমাল সেক্রেটারি মশিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।