মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত কয়েক দফায় এই হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত অন্তত তিন দফায় অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন করে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েল-এর মধ্যাঞ্চল ও দখলকৃত পশ্চিমতীরে দেড় শতাধিক এলাকায়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান এসব হামলায় ইসরায়েলি ভূখণ্ড ছাড়াও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরান জানিয়েছে, তাদের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ২২তম ধাপ শুরু করেছে। এই অভিযানে খোররামশাহর-৪, খাইবার ও ফাত্তাহ ক্ষেপণাস্ত্রসহ নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইরানের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত দেশটি মূলত এক দশকের পুরোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য আরও উন্নত ও আধুনিক অস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে শনিবার ভোর প্রায় ৫টার দিকে বীরসিবাতে শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। বিস্ফোরণের আগে ওই এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে এবং এর পরপরই মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।