অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পার্লামেন্টের সদস্য লেবার পার্টির এমপি কাইল ম্যাকগিন বিদায়ী ভাষণে ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন। দীর্ঘ ৫৬ মিনিটের ভাষণ শেষে অপর পায়ের জুতায় বিয়ার ঢেলে পান করেন।
জুতায় বিয়ার পানের এই কায়দা ‘শ্যুয়ি’ নামে পরিচিত। অ্যালকোহল পানের বিশেষ এই কায়দাকে জনপ্রিয় করেছেন ফর্মুলা ওয়ান তারকা ড্যানিয়েল রিকার্ডো।
ম্যাকগিন বলেন, ‘কীভাবে এই ভাষণ শেষ করব তা নিয়ে অনেক ভেবেছি। অনেক ভেবে মনে হলো এই বক্তৃতা শেষ করার একটাই উপায়। আর তা হলো—শ্যুয়ি। আমার এলাকার মানুষ এটা বেশ উপভোগ করবে বলেই আমার ধারণা। দুই মেয়াদে চমৎকার সময় কাটালাম। সবাইকে ধন্যবাদ। চিয়ার্স!’
এই বলেই একটি ক্যান থেকে জুতায় বিয়ার ঢেলে পান করেন কাইল। কাইলের এই কাণ্ডে হইচই পড়ে যায় পার্লামেন্টে। কেউ কেউ বেশ মজা পেয়েছেন এমন কাণ্ডে, হাসিমুখে করতালি দিয়ে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেন। পরিষদের সভাপতি আলানা ক্লোহেসি তৎক্ষণাৎ দাঁড়িয়ে বলেন, ‘সম্মানিত সদস্য, আপনি পরিষদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। আমি ধরে নিচ্ছি আপনার বক্তব্য শেষ।’
বিদায়ী ভাষণে কেইল নিজেকে একজন ‘অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনাবশত রাজনীতিক হয়ে পড়েছি।’ এ সময় তিনি সরকারের ওয়েস্টপোর্ট প্রকল্পের কঠোর সমালোচনা করেন। তাঁর ভাষ্য—‘বন্দরের স্বয়ংক্রিয়করণ আসলে একটা প্রহসন ও ঠাট্টা।’
এ সময় মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন কেইল। জানান, এমপি হওয়ার দেড় বছর পর একদিন তিনি এত অসুস্থ হয়ে পড়েন যে ধরে নিয়েছিলেন হার্ট অ্যাটাক হচ্ছে। পরে জানা যায় সেটি আসলে প্যানিক অ্যাটাক ছিল। সেই স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা বেশ কঠিন। তবে একটা কথা বলে যেতে চাই—সাহায্য চাইতে কখনো লজ্জা পাবেন না, বিশেষ করে পুরুষেরা। সাহস করে বলে ফেলুন—আমার সাহায্য দরকার।’