ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইউরোপজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদ জানিয়ে তারা ইউরোপীয় সরকারগুলোর কাছে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানান। খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি কয়েক হাজার মানুষ লন্ডনের রাসেল স্কয়ারে সমবেত হয়ে হোয়াইটহলের দিকে মিছিল নিয়ে যান। এই এলাকাতেই অবস্থিত ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদ জানান। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরাইলের নিন্দা করেন এবং ইসরাইলে অস্ত্র রপ্তানি অব্যাহত রাখায় ব্রিটিশ সরকারের কড়া সমালোচনা করেন।

ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা ইসরাইল ও যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তারা ব্রিটিশ কর্তৃপক্ষ, সরকারি প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোকে ইসরাইলের কর্মকাণ্ডের প্রতি সমর্থন প্রত্যাহারের আহ্বান জানান।

এই মিছিলে ব্রিটিশ সংসদ সদস্য জারাহ সুলতানা ও জন ম্যাকডোনেল অংশ নেন।

অন্যদিকে, সুইডেনেও গাজায় ইসরাইলের হামলা এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী স্টকহোমের ওডেনপ্ল্যান স্কয়ারে শত শত মানুষ জড়ো হন। বেশ কয়েকটি নাগরিক সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে।

বিক্ষোভকারীরা বলেন, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইসরাইল লঙ্ঘন করছে। তারা গাজায় বিমান হামলা অব্যাহত রাখা এবং মানবিক সহায়তা প্রবেশ সীমিত করার জন্য ইসরাইলের সমালোচনা করেন।

এ সময় বিক্ষোভকারীরা সুইডিশ সরকারের প্রতিও ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানান।

উল্লেখ্য, অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি অভিযানে অন্তত ৫২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।