কঙ্গোর পূর্বাঞ্চলের নর্থ কিভু প্রদেশের রুবায়া এলাকায় একটি কোল্টান খনি ধসে অন্তত দুই শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রাদেশিক রাজধানী গোমা থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত খনিটি বুধবার ধসে পড়ে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নর্থ কিভু প্রদেশে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা জানান, ধসের পরপরই কিছু মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রায় ২০ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিযুক্ত নর্থ কিভু প্রদেশের গভর্নর ইরাস্তন বাহাতি মুসাঙ্গা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে জানান, ধ্বংসস্তূপ থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি নিহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।

অন্যদিকে, প্রাদেশিক গভর্নরের এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, নিহতের সংখ্যা দুই শতাধিক হতে পারে। খনিশ্রমিক ফ্রাংক বলিঙ্গো বলেন, এখনো বহু মানুষ খনির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।