ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির গণমাধ্যম তেহরান টাইমস। পত্রিকাটি তাদের ইংরেজি সংস্করণের প্রথম পাতায় শিরোনাম করেছে— ‘জাহান্নামে স্বাগতম’।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা ইরানের মাটিতে পা রাখলে তারা ‘কফিনে করেই ফিরবে’।
এ মন্তব্যকে সরাসরি হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এই প্রতিক্রিয়া এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত প্রায় ১০ হাজার সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত সেনা মোতায়েনের লক্ষ্য হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও বিস্তৃত সামরিক বিকল্প দেওয়া। ইতোমধ্যে হাজার হাজার প্যারাট্রুপার ও মেরিন সেনা ওই অঞ্চলে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
যদিও ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, তিনি ইরানের সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে শান্তি আলোচনার পথ খোলা রাখতে চান।
এদিকে ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সক্রিয় করা হতে পারে। ইয়েমেনভিত্তিক এই গোষ্ঠীকে লোহিত সাগরে জাহাজ চলাচলে হামলা চালানোর নির্দেশ দেওয়া হতে পারে, যা সংঘাতকে আরও বিস্তৃত করবে।
প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, মার্কিন সেনাদের সম্ভাব্য অবস্থান হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের আশপাশে।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা তেহরানের কেন্দ্রস্থলে ‘ইরানি শাসনের সামরিক অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই দিনে বৈরুতের দক্ষিণাঞ্চলেও হামলার কথা জানায় তারা। তাদের দাবি অনুযায়ী, হামলায় হিজবুল্লাহর স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এসব ঘটনা মিলে গত এক মাস ধরে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, স্থল অভিযানের সম্ভাবনা বাস্তবে রূপ নিলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত ও জটিল হয়ে উঠতে পারে।