নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে টেমস ভ্যালি পুলিশ অ্যান্ড্রুকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে যুক্তরাজ্যের সাবেক প্রিন্স ও রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাইয়ের গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে রাজা চার্লস প্রতিক্রিয়া প্রকাশ করে বলেছেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে।

বৃহস্পতিবার সকালের নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে টেমস ভ্যালি পুলিশ অ্যান্ড্রুকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। টেমস ভ্যালি পুলিশ বলেছে, সতর্কতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তদন্ত শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বহু অভিযোগের মুখে পড়া সাবেক এই প্রিন্সকে এর আগে কখনও গ্রেপ্তার করা হয়নি।

অ্যান্ড্রু সবসময় এবং দৃঢ়ভাবে যে কোনও অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। তাকে কী ধরনের অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

তবে অনেকেই মনে করছেন, এপস্টেইন ফাইল সংক্রান্ত তদন্তে নেমেই যুক্তরাজ্যের সাবেক এই প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে, টেমস ভ্যালি পুলিশ সাবেক এই প্রিন্সের বিরুদ্ধে গোপন তথ্য আদান-প্রদানের অভিযোগ মূল্যায়ন দেখা হচ্ছে বলে জানিয়েছিল। জেফ্রি এপস্টেইনের সঙ্গে তথ্য ভাগাভাগির বিষয়ে ওই অভিযোগ ওঠে অ্যান্ড্রুর বিরুদ্ধে।

৬৬ বছর বয়সী অ্যান্ড্রু জন্মদিনের দিন বৃহস্পতিবারেই তিনি গ্রেপ্তার হলেন। টেমস ভ্যালি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‌‌“তদন্তের অংশ হিসেবে আমরা আজ (১৯/২) নরফোকে ৬০ এর কোঠার এক ব্যক্তিকে সরকারি দায়িত্ব পালনে অসদাচরণ করেছেন সন্দেহে গ্রেপ্তার করেছি।”

“সরকারি নির্দেশনা অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না। মামলাটি এখন সক্রিয় রয়েছে। তাই আদালত অবমাননার ঝুঁকি এড়াতে যেকোনও তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত”, বলা হয়েছে বিবৃতিতে।

ওদিকে, অ্যান্ড্রুর ভাই রাজা চার্লস এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সরকারি দায়িত্ব পালনকালে অসদাচরণের সন্দেহে অ্যান্ড্রু গ্রেপ্তার হওয়ার খবর তিনি জানতে পেরেছেন। এখন বিষয়টি পুরোপুরি সুষ্ঠু ও সঠিক প্রক্রিয়ায় তদন্ত হওয়া উচিত। সঠিক কর্তৃপক্ষের মাধ্যমে সঠিকভাবে তা হওয়া উচিত।

“আর এ প্রক্রিয়ায় আমাদের পূর্ণ সমর্থন ও সহওযাগিতা থাকবে, যেমনটি আমরা আগে বলে এসেছি। আমি স্পষ্ট করে বলছি, আইন তার নিজস্ব গতিতেই চলতে হবে,” বলা হয় ‍বিবৃতিতে।

সাবেক মেট্রোপলিটন পুলিশের প্রধান সুপারিন্টেনডেন্ট বিবিসি- কে বলেছেন, অ্যান্ড্রু গ্রেপ্তার হওয়ার ফলে পুলিশ তার ঘরবাড়িসহ কম্পিউটা্র, যন্ত্রপাতি, ফাইল, ছবি এবং আরও যা যা আছে তার সবই তল্লাশি করে দেখতে পারবে।

পুলিশ কতক্ষণ অ্যান্ডুকে আটকে রাখতে পারবে এ প্রশ্নে পুলিশের এক সদস্য বলেন, ৯৬ ঘণ্টা পর্যন্ত তাকে আটকে রাখা যাবে। তবে এর জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বারবার সময় বাড়ানোর প্রয়োজন পড়বে।

বেশিরভাগ ক্ষেত্রেই সন্দেহভাজনদের ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত আটকে রাখা হয়। তারপর হয় অভিযুক্ত করা হয় নয়ত ছেড়ে দেওয়া হয় এবং আরও তদন্ত চলতে থাকে বলে জানান তিনি।