আফগানিস্তানে বিমান হামলার পর কান্দাহারের আকাশে পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান টহল দিচ্ছে বলে জানিয়েছে ইসলামাবাদ। কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় চালানো অভিযানে তালেবানের একাধিক সামরিক স্থাপনা ধ্বংস এবং শতাধিক সদস্য নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজের বরাতে কান্দাহারের আকাশে পাকিস্তান বিমানবাহিনীর টহলের তথ্য জানিয়েছে। আফগান তালেবানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলার পর এসব টহল জোরদার করা হয়েছে।
নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিভি নিউজ জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা রাখে।
এদিকে পাকিস্তান টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় নির্ভুল বিমান হামলা চালানো হয়েছে। তার দাবি, এসব হামলায় তালেবানের চেকপোস্ট, ব্রিগেড সদর দপ্তর, গোলাবারুদ ডিপো ও লজিস্টিক ঘাঁটি ধ্বংস হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে ১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন। অপারেশন গাজব লিল হকের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মন্ত্রী দাবি করেন, আফগান তালেবান সরকারের ২৭টি পোস্ট ধ্বংস এবং ৯টি পোস্ট দখল করা হয়েছে। পাশাপাশি দুটি কর্পস সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, দুটি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর, দুটি সেক্টর সদর দপ্তর এবং ৮০টির বেশি ট্যাংক, আর্টিলারি গান ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।