নাইজেরিয়ার উত্তরাঞ্চলের নাইজার রাজ্যের প্রত্যন্ত এলাকায় বন্দুকধারীদের ধারাবাহিক হামলায় অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বোরগু এলাকার বিভিন্ন গ্রামে মোটরসাইকেলে এসে হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, এ হামলায় অঞ্চলটিতে চলমান নিরাপত্তা সংকট আরও গভীর হয়েছে। এলাকাটিতে আইএসআইএলের সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীর পাশাপাশি মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণকারী বিভিন্ন বিচ্ছিন্ন গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে।

হামলার বিষয়টি নিশ্চিত করে নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, টুঙ্গা-মাকেরি গ্রামে ডাকাতদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। অপহৃতদের সংখ্যা এখনও নিশ্চিত নয়। হামলাকারীরা এরপর কনকোসো গ্রামে হামলা চালায়।

কনকোসোর বাসিন্দা জেরেমিয়া টিমোথি রয়টার্স-কে বলেন, ভোরে বিক্ষিপ্ত গুলিবর্ষণের মধ্য দিয়ে হামলা শুরু হয়। তার দাবি, গ্রামটিতে এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে এবং থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মানবাধিকার কর্মীর বরাতে এএফপি জানিয়েছে, কনকোসোতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে বলে ওই সূত্র দাবি করেছে। গ্রামের অধিকাংশ বাড়িঘর আগুনে পুড়ে গেছে।

কনকোসোর আরেক বাসিন্দা জানান, হামলায় তার ভাগ্নে নিহত হয়েছে এবং চার নারীকে অপহরণ করা হয়েছে। তিনি আরও বলেন, কনকোসোর পর হামলাকারীরা পিসা গ্রামেও আক্রমণ চালায়, সেখানে পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয় এবং একজন নিহত হন। বর্তমানে বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।