রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে ঘিরে চলমান সংঘাত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি ইরানে দ্রুত যুদ্ধ ও সহিংসতা বন্ধ করে কূটনৈতিক পথে ফিরে আসার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার (৭ মার্চ) মাসদু পেজেশকিয়ান-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন পুতিন। ওই ফোনালাপে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। এ সময় ইরানের প্রেসিডেন্ট চলমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কেও তাকে হালনাগাদ তথ্য জানান।

ফোনালাপের কিছুক্ষণ পর এক বিবৃতিতেক্রেমলিন জানায়, রাশিয়া জরুরি ভিত্তিতে ইরানে সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইরান ও মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান সংকট সমাধানে বলপ্রয়োগের পরিবর্তে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগে ফেরার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে মস্কো।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন প্রেসিডেন্ট পুতিন। পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপেও ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার সংগ্রামে সংহতি প্রকাশ করেছেন তিনি।

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান এবং ওয়াশিংটন-এর মধ্যে ২১ দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের বাহিনী। একই সময়ে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক অভিযান শুরু করে।

এর জবাবে ইরান দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এই সংঘাতে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া।