আবারও যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের নিখুঁত নিশানায় মার্কিন যুদ্ধবিমানটি আঘাতপ্রাপ্ত হয়। এর আগে গত সোমবার ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে দাবি করা হয়েছিল, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইতোমধ্যে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ এবং চালকদের প্যারাসুটযোগে অবতরণের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। জানা গেছে, সোমবার ভোরে ইরান ও কুয়েত সীমান্ত সংলগ্ন আকাশসীমায় প্রথম এফ-১৫ বিমানটিকে গুলি করে নামানো হয়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, বিমানটি ভূপাতিত হয়ে কুয়েতের সীমানার ভেতরে আছড়ে পড়েছে।
সূত্র: তাসনিম নিউজ