জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জরুরি পদক্ষেপের দাবিতে সুইডেনের কিশোরী গ্রেটা থুনবার্গ শুধু নিজ দেশেই নয়, বিশ্বজুড়ে এক আলোড়ন সৃষ্টি করেছেন। তার ১৫ বছর বয়সে শুরু করা 'স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট' আন্দোলন পরবর্তীতে 'ফ্রাইডেস ফর ফিউচার' নামে বৈশ্বিক রূপ নেয়, যা বিশ্বের লক্ষ লক্ষ শিক্ষার্থীকে অনুপ্রাণিত করেছে।
গ্রেটার এই আন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছায়, যখন তার জোরালো ও আবেগঘন ভাষণ খোদ জাতিসংঘের মঞ্চে বিশ্ব নেতাদেরকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দেয়। বিশেষ করে ২০১৯ সালের জাতিসংঘের জলবায়ু কর্ম সম্মেলনে (UN Climate Action Summit) তার দেওয়া ভাষণটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
'তোমাদের কত দুঃসাহস!' - গ্রেটার হুঙ্কার ওই সম্মেলনে গ্রেটা থুনবার্গ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে একটি কার্বন-মুক্ত ইয়টে করে নিউইয়র্কে পৌঁছান। তার ভাষণে বিশ্ব নেতাদের সরাসরি উদ্দেশ্য করে বলেন, "তোমাদের কত দুঃসাহস! আমার এখানে থাকা উচিত না। আমার স্কুলে থাকার কথা। তবুও তোমরা আমাদের মতো তরুণদের ওপর নির্ভরশীল হচ্ছো কীভাবে!"
তিনি আরও যোগ করেন, "তোমরা আমার স্বপ্ন এবং আমার শৈশব চুরি করেছো তোমাদের ফাঁকা বুলি দিয়ে।" গ্রেটা তার ভাষণে বিশ্ব নেতাদের বিরুদ্ধে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তার জন্য তীব্র নিন্দা জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যখন "পুরো বাস্তুতন্ত্র ভেঙে পড়ছে" এবং "গণবিলুপ্তির সূচনা হচ্ছে," তখন নেতারা কেবল "অর্থ এবং চিরস্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধির রূপকথা" নিয়েই ব্যস্ত।
গ্রেটার এই ভাষণ তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয় এবং বিশ্বব্যাপী জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে এক নতুন মাত্রা যোগ করে। তার প্রতিবাদ শুধু আলোচনা-সমালোচনাই জন্ম দেয়নি, বরং তরুণ প্রজন্মকে তাদের ভবিষ্যৎ এবং অধিকারের জন্য সোচ্চার হতে শিখিয়েছে।
'গ্রেটা এফেক্ট' এবং বৈশ্বিক স্বীকৃতি গ্রেটার একক প্রতিবাদ কিভাবে একটি বৈশ্বিক আন্দোলনে রূপ নিতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ হলো 'ফ্রাইডেস ফর ফিউচার'। প্রতি শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা তাদের স্কুল ছেড়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। এই ঘটনা 'দ্য গ্রেটা এফেক্ট' নামে পরিচিতি লাভ করে।
তার এই সাহসী ভূমিকার জন্য গ্রেটা থুনবার্গ ২০১৯ সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন এবং একই বছর রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ও আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-ও লাভ করেন। গ্রেটা প্রমাণ করেছেন যে, বয়স কোনো বাধা নয়, কেবল দৃঢ় সংকল্প আর নির্ভীক প্রতিবাদই বিশ্বকে জাগিয়ে তুলতে পারে।