ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানা গেছে। ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারে শুক্রবার রাতেই দেশটিতে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের মধ্যে এ ঘটনাকে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ শুরুর পর শত্রুপক্ষের হামলায় এটিই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা।
বিমানের দুই ক্রু সদস্য ককপিট থেকে ইজেক্ট করে বের হয়ে আসেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর তাদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়।
মার্কিন বাহিনীর দুটি হেলিকপ্টার ও নিচ দিয়ে উড়ে চলা জ্বালানি সরবরাহকারী বিমানের সহায়তায় এক ক্রুকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ইরানের ছোড়া গুলিতে দুটি হেলিকপ্টারই আঘাতপ্রাপ্ত হয়। এর মধ্যে একটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও তা নিরাপদে ইরাকের ভূখণ্ডে অবতরণ করে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অন্য ক্রু সদস্যের অবস্থান শুক্রবার রাত পর্যন্ত অজানা ছিল। এদিকে ইরানের গণমাধ্যমে স্থানীয় মিলিশিয়াদের মার্কিন ক্রুকে খোঁজার অভিযান চালানোর দৃশ্য প্রচার করা হয়। তাকে জীবিত আটক করতে পারলে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
এদিকে শুক্রবার রাতেই হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে।