নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে তাকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ জানায়, গত বছরের সেপ্টেম্বরে ‘জেন-জি’ নেতৃত্বাধীন আন্দোলনে সহিংসতার ঘটনায় অন্তত ৭৭ জন নিহত হয়। এ ঘটনায় কেপি শর্মা ওলির দায় আছে কি না, সে বিষয়ে তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে আন্দোলনের সূচনা হলেও এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করছিল। বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান।

ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি জানান, শনিবার সকালে ওলিকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়।

পুলিশের মুখপাত্র ওম অধিকারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ওলির পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে।

চলতি বছরের ৫ মার্চ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ। গত শুক্রবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ওলি সরকারের পতনের পর এটিই ছিল প্রথম জাতীয় নির্বাচন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার একদিন পরই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো।

সরকার-সমর্থিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালানোর সরাসরি কোনো নির্দেশ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাব ছিল, যার ফলে গুলিবর্ষণ বন্ধ করা সম্ভব হয়নি। এতে অপ্রাপ্তবয়স্কসহ বহু মানুষের প্রাণহানি ঘটে।