পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে টহলরত একটি পুলিশের গাড়িতে বিস্ফোরণে সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সামা টিভি এই তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, লাক্কি মারওয়াত এলাকায় টহলরত পুলিশ গাড়ির কাছে বিস্ফোরণের ঘটনায় স্টেশন হাউস অফিসার (এসএইচও) সহ সাতজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত টহল কার্যক্রম চলাকালে পুলিশ সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) জানান, শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে কয়েকজন পুলিশ সদস্য নিহত হন।
নিহত পুলিশ সদস্যদের নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা হলেন-এসএইচও সদর আজম, কনস্টেবল শাহ বাহরাম, কনস্টেবল শাহ খালিদ, কনস্টেবল হাজি মুহাম্মদ, কনস্টেবল গুলজাদা ও কনস্টেবল সাখি জাদা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ হামলার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের ধরন ও হামলায় কারা জড়িত তা খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলো।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পুলিশের গাড়ির কাছে সংঘটিত ‘সন্ত্রাসী হামলার’ তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না এবং দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।