যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণের মাত্রা এতটাই বিশাল যে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার (২৩ মার্চ) টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে এ বিস্ফোরণ ঘটে। যে শোধনাগারে বিস্ফোরণ হয়েছে, সেটির মালিক মার্কিন তেল-গ্যাস উত্তোলন ও বিপণনকারী কোম্পানি ভ্যালেরো (Valero)।
ফরাসি সংবাদমাধ্যম এএফপি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিস্ফোরণের পর পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি অবস্থা বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভ্যালেরো’র তেল শোধনাগারে সাম্প্রতিক বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। শোধনাগারের সংলগ্ন সব এলাকার বাসিন্দাদের ওপর এ নির্দেশ প্রযোজ্য।
পৃথক এক বিবৃতিতে ভ্যালেরো কোম্পানি জানিয়েছে, টেক্সাসের পোর্ট আর্থার শহরে কোম্পানির তেল শোধনাগারে বিস্ফোরণ হয়েছে। ওই শোধনাগারের সব কর্মীর সন্ধান পাওয়া গেছে। কেউ নিখোঁজ হননি এবং কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে শোধনাগারটিতে জ্বলতে থাকা দীর্ঘ আগ্নিশিখা ও তার জেরে কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ হয়েছিল। তার ধাক্কায় অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।
পোর্ট আর্থার শহর টেক্সাসের রাজধানী হিউস্টন থেকে ৯০ মাইল পূর্বে অবস্থিত। ভ্যালেরোর ওয়েবসাইট থেকে জানা গেছে, বিস্ফোরণের শিকার শোধনাগারটিতে ৮০০ জন কর্মী ছিলেন। প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। এছাড়া এ শোধনাগারে গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েলের মতো জ্বালানি উৎপাদন করা হয়।