যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মাটির নিচে অবস্থিত নতুন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বুধবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে ঘাঁটিটির উদ্বোধন করা হয়। এ সময় তারা বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, প্রস্তুতি ও পরিচালন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। অন্যান্য শীর্ষ কমান্ডারদেরও এ বিষয়ে অবহিত করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে আব্দুল রহমান মৌসাভি বলেন, শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপ মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরান তাদের সামরিক কৌশলে পরিবর্তন এনেছে।

তার ভাষ্য অনুযায়ী, ইরান এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। দ্রুত সময়ের মধ্যে বড় পরিসরে অভিযান পরিচালনার পাশাপাশি অসম যুদ্ধ ও প্রতিপক্ষের সামরিক সক্ষমতা ভেঙে দেওয়ার কৌশল অনুসরণ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ ব্যাপক সেনার উপস্থিতি ঘটিয়েছে। এরমধ্যে দুই দেশ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। শঙ্কা করা হচ্ছে যদি আলোচনায় কোনো সমাধান না আসে তাহলে ইরানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী।

তবে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এবার যুদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে এটির প্রভাবে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে।

সূত্র: ফার্স নিউজ