ইরাক এবং পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে গত ২৪ ঘণ্টায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং ইরাকের একাধিক সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

ইরাকি সশস্ত্র গোষ্ঠী ‘সারায়া আউলিয়া আল-দাম’ জানিয়েছে, তারা গত এক দিনে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে অন্তত পাঁচটি সফল হামলা পরিচালনা করেছে।

একই সঙ্গে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামক অপর একটি জোট দাবি করেছে, তাদের যোদ্ধারা ইরাকের অভ্যন্তরে এবং এই অঞ্চলের অন্যান্য স্থানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে গত ২৪ ঘণ্টায় মোট ২৩টি সামরিক অভিযান চালিয়েছে। এই হামলাগুলোতে কয়েক ডজন ড্রোন ব্যবহার করা হয়েছে বলে গোষ্ঠীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্যবস্তু করার এই প্রবণতা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতেই তারা এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করছে।