পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৭ বছর বয়সী জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সানা ইউসুফের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২ জুন) জি-১৩ এলাকায় নিজ বাসায় তাকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হঠাৎ করে সানার বাড়িতে প্রবেশ করে একাধিক গুলি ছোড়ে এবং মুহূর্তেই ঘটনাস্থল ত্যাগ করে। রক্তাক্ত অবস্থায় সানাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস)। তদন্তে এখন পর্যন্ত কেউ আটক হয়নি, তবে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং পারিপার্শ্বিক তথ্য সংগ্রহে কাজ করছে।
সানা ইউসুফ মূলত ফ্যাশন, লিপ-সিঙ্ক এবং সচেতনতামূলক ভিডিও তৈরি করে তরুণ সমাজে পরিচিতি পান। তার আকস্মিক মৃত্যু শুধু সোশ্যাল মিডিয়া নয়, গোটা অনলাইন কমিউনিটিতেই শোকের ছায়া ফেলেছে।
মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা অনলাইন কনটেন্ট নির্মাতা, বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দ্রুত পদক্ষেপের দাবি তুলেছে।
সানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার প্রতি শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন এবং অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছেন।
এদিকে, মানবাধিকার সংগঠনগুলোও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং নারীদের নিরাপত্তা ও অনলাইন ব্যক্তিত্বদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।