মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য একটি "অস্তিত্ব রক্ষার হুমকি" (Existential Threat) হিসেবে অভিহিত করেছেন হলিউড তারকা রবার্ট ডি নিরো।
শনিবার (২৮ মার্চ) নিউইয়র্ক সিটির ম্যানহাটনে আয়োজিত বিশাল ‘নো কিংস’ র্যালিতে কয়েক হাজার বিক্ষোভকারীর সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
কঠোর অভিবাসন নীতি, ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর ক্রমাগত আঘাতের কারণে ট্রাম্পের বিরুদ্ধে এই ‘নো কিংস’ র্যালি অনুষ্ঠিত হয়।
হলিউড তারকা রবার্ট ডি নিরো দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।
নিউ ইয়র্কের ম্যানহাটনে কয়েক হাজার মানুষের সামনে বক্তব্য রাখার সময় ডি নিরো বলেন, আমেরিকার ইতিহাসে এর আগে কোনো প্রেসিডেন্ট ট্রাম্পের মতো এত বড় হুমকি হয়ে দাঁড়াননি। তিনি মনে করেন, ট্রাম্পের শাসনব্যবস্থা দেশটির গণতান্ত্রিক কাঠামো ও ব্যক্তিগত স্বাধীনতার জন্য চরম ঝুঁকিপূর্ণ।
ডি নিরো প্রায়ই ট্রাম্পকে 'একনায়ক' বা 'স্বৈরাচারী' (Dictator/Autocrat) হিসেবে বর্ণনা করেন। তার মতে, ট্রাম্প সংবিধানের চেয়ে নিজের ক্ষমতাকে বেশি গুরুত্ব দেন। ২০২৪ সালের নির্বাচনের আগেও তিনি সতর্ক করেছিলেন যে, ট্রাম্প আবারও ক্ষমতায় এলে তিনি হয়তো আর কখনোই হোয়াইট হাউস ছাড়বেন না।
ক্যান চলচ্চিত্র উৎসবেও (২০২৫) ট্রাম্পকে কেবল আমেরিকার নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি হুমকি হিসেবে আখ্যায়িত করেছিলেন।