ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স।
মঙ্গলবার (১৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ক্যাপ্টেন টিম হকিন্স জানান, আহতদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে দায়িত্বে ফিরেছেন। এ পর্যন্ত প্রায় ১৮০ জন সেনাসদস্য আবার কাজে যোগ দিয়েছেন।
তিনি বলেন, আহতদের মধ্যে দগ্ধ হওয়া, বিস্ফোরণের আঘাত, মস্তিষ্কে আঘাতজনিত ক্ষতি এবং বিস্ফোরণের টুকরোর আঘাতে আহত হওয়ার ঘটনা রয়েছে।
সামরিক কর্মকর্তারা বলেন, অনেক হামলা ইরানের ‘একমুখী’ ড্রোন হামলার কারণে ঘটেছে। মার্কিন বাহিনীর যৌথ চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গত সপ্তাহে বলেছিলেন, এ ধরনের ড্রোন হামলাই বেশিরভাগ হতাহতের জন্য দায়ী।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ইরানের হামলার খবর পাওয়া গেছে।