রাশিয়ার উদমুর্তিয়া অঞ্চলে অবস্থিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানায় হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ইউক্রেনের দাবি অনুযায়ী, মস্কোর পূর্বদিকে অবস্থিত ভটকিনস্ক শহরের একটি সামরিক শিল্প স্থাপনায় তাদের বাহিনী দূরপাল্লার আঘাত হানে।
ভটকিনস্ক ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত বলে উল্লেখ করা হয়েছে।
কিয়েভের ভাষ্য, ওই কারখানায় স্বল্পপাল্লার ইসকান্দার এবং আন্তঃমহাদেশীয় টোপোল-এম ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছিল। হামলায় স্থাপনাটির ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া বার্তায় তারা দাবি করে, দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ‘ফ্লামিঙ্গো’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে, উদমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্দার ব্রেচালভ আগেই জানান, রাতে একটি স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, হামলার ফলে অবকাঠামোগত ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে, তবে বিস্তারিত প্রকাশ করেননি।
এ ঘটনার পর উদমুর্তিয়ার রাজধানী ইজেভস্কের বিমানবন্দরসহ আশপাশের কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয় বলে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া জানিয়েছে।
এদিকে ইউক্রেন আরও দাবি করেছে, রাশিয়ার সামারা অঞ্চলের একটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনাতেও তারা আঘাত হেনেছে। তবে সামারা অঞ্চলের রুশ কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো হামলার তথ্য নিশ্চিত করেননি।