ইসলামী প্রজাতন্ত্র ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তেহরান। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য ড্রোন হামলার পরিকল্পনার বিষয়ে সতর্ক করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।
এফবিআইয়ের নথি পর্যালোচনা করে সংবাদমাধ্যমটি জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরু থেকেই যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছিল ইরান। বর্তমানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, সমুদ্রে অবস্থানরত কোনো অজ্ঞাত জাহাজ থেকে এসব ড্রোন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে। যদিও সম্ভাব্য হামলার নির্দিষ্ট সময় বা লক্ষ্য এখনো নিশ্চিত নয়, তবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য আকস্মিক হামলার পরিকল্পনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।
লস অ্যাঞ্জেলেসে এফবিআই কার্যালয়ের এক মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। একইভাবে হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে মেক্সিকান মাদক চক্রগুলোর ড্রোন ব্যবহারের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত একটি বুলেটিনে উল্লেখ করা হয়, একটি অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে মেক্সিকান চক্রের নেতারা যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্ত এলাকায় মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক সদস্যদের বিরুদ্ধে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহারের অনুমোদন দিয়েছেন।
অন্যদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের দপ্তর জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় তারা স্থানীয় ও ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। একই সঙ্গে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা টহল জোরদার করেছে।
এদিকে যুদ্ধ বন্ধের বিষয়ে তিনটি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় তেহরান এই শর্তগুলো উপস্থাপন করে এবং এতে তাদের অনড় অবস্থানের কথাও জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উসকানিতে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় হলো ইরানের তিনটি শর্ত পূরণ করা।
শর্তগুলো হলো—
১. আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের বৈধ অধিকার স্বীকার করা।
২. সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ প্রদান করা।
৩. ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন না চালানোর বিষয়ে বাধ্যতামূলক আন্তর্জাতিক নিশ্চয়তা প্রদান।
তিনি এই যুদ্ধ শুরুর জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন এবং একই সঙ্গে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সূত্র: এবিসি নিউজ।