অপারেশন ট্রু প্রমিস ৪-এর অংশ হিসেবে ইসরাইল ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। অভিযানে খায়বার-শেকান নামক নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইমাদ এবং কদর ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্ততাকারী দু’টি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে গতকাল মঙ্গলবার একদল ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশালাকৃতির বিমানবাহী রণতরি ইউএসএস ফোর্ড-এ গত সপ্তাহে লাগা রহস্যজনক আগুন টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জ¦লছে। তবে ১৩ বিলিয়ন ডলার মূল্যের এ রণতরিতে থাকা প্রায় ৪ হাজার ৫০০ ক্রু ও বিমান সেনার অবস্থা বর্তমানে চরম অস্বস্তিকর। যুদ্ধে গণহত্যাকারী ইসরাইল ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজারি ও আইআরজিসি আওতাধীন আধা সামরিক বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করলেও ইরানের অন্তত দুটো সংবাদমাধ্যম আলী লারিজানি শিগগিরই একটি বার্তা দেবেন বলে জানিয়েছে। গতকাল মঙ্গলবার ইরানের ছোঁড়া বেশ কয়েকটি মিসাইল সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতরের খুব কাছে আঘাত হেনেছে। রয়টার্স, এএফপি, নিউইয়র্ক টাইমস, সিএনএন, বিবিসি।

নিখুঁত হামলায় শত্রুদের বুক কাঁপাচ্ছে -ইরান: ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে ইসরাইল ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবি গার্ড কোর আইআরজিসি। এই অভিযানের ৫৭তম ঢেউয়ে আইআরজিসি তাদের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে। আইআরজিসি’র এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, অধিকৃত ভূখ-ের প্রাণকেন্দ্রে অবস্থিত ইসরাইলি কমান্ড, কন্ট্রোল এবং কমিউনিকেশন পরিকাঠামোসহ তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। অভিযানে খায়বার-শেকান নামক নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইমাদ এবং কদর ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়। একই সাথে মার্কিন বাহিনীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আল-উদেইদ সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। এই অভিযানে সলিড ও লিকুইড উভয় জ্বালানিতে সক্ষম জুলফিকার ক্ষেপণাস্ত্র এবং কিয়াম ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্মার্ট আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান : ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে গতকাল মঙ্গলবার একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন।

ইরানের পরলোকগত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি সম্প্রতি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতিবিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীর উপস্থিত ছিলেন কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি।

মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ডে ৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলেছে : যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশালাকৃতির বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড-এ গত সপ্তাহে লাগা রহস্যজনক আগুন টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলেছে। এতে রণতরিটির বেশ কয়েকজন নৌসেনা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। রণতরিটির কয়েকজন নাবিক ও সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত সপ্তাহে রণতরিটির লন্ড্রি (কাপড় ধোয়ার জায়গা) অংশে এ অগ্নিকা- ঘটে। এর আগে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি কোনো যুদ্ধকালীন হামলার ঘটনা নয়। ওই ঘটনায় দুই নাবিক সামান্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছিল।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন করা ১ লাখ টন ওজনের এ রণতরির সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে নৌবাহিনী দাবি করেছে। তবে ১৩ বিলিয়ন (১ হাজার ৩০০ কোটি) ডলার মূল্যের এ রণতরিতে থাকা প্রায় ৪ হাজার ৫০০ ক্রু ও বিমান সেনার অবস্থা বর্তমানে ‘চরম অস্বস্তিকর’। অগ্নিকা-ের ফলে অন্তত ৬০০ নাবিক তাঁদের থাকার জায়গা হারিয়েছেন। তাঁরা এখন রণতরির টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন।

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত ॥ আহত ২০০

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জন, এদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ তথ্য জানিয়েছেন।

হকিন্স বলেছেন, ১৮০ জন সেনাসদস্য ইতিমধ্যেই কাজে ফিরে এসেছেন। আহতদের মধ্যে দগ্ধ হওয়া, আঘাতজনিত মস্তিষ্কের ক্ষতি এবং বিস্ফোরণের টুকরো দ্বারা আঘাত অন্তর্ভুক্ত। সামরিক কর্মকর্তারা বলেছেন, অনেক আক্রমণ ইরানের ‘একমুখী’ ড্রোন হামলার কারণে ঘটেছে। মার্কিন বাহিনীর যৌথ চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গত সপ্তাহে বলেছিলেন, এই ধরনের ড্রোন বেশিরভাগ হতাহতের জন্য দায়ী। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানও ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত কয়েকটি উপসাগরীয় দেশে পাল্টা হামলা চালাচ্ছে।

শীর্ষ কর্মকর্তা লারিজানির বার্তা শিগগিরই আসছে :

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি শিগগিরই একটি বার্তা দেবেন। ইরানের অন্তত দুটি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, আইডিএফ লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের তাসনিম এবং মেহর সংবাদ সংস্থার পোস্টগুলোতে বলা হয়েছে, বার্তাটি “কয়েক মিনিটের মধ্যেই প্রকাশ করা হবে।” ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। লারিজানি ইরানের বেঁচে থাকা সর্বজ্যেষ্ঠ নেতাদের একজন ছিলেন। তবে এই খবরের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। লারিজানি নিহত হওয়ার খবরটি নিয়ে আরও বিস্তারিত তথ্য আসার অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ইসলামী বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান সোলাইমানি নিহত॥ দাবি ইসরাইলের:

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। গত সোমবার রাতে এক হামলায় সোলাইমানি নিহত হয়েছেন বলে এ দাবি করা হয়েছে। ইসরাইলি বাহিনীর দাবি, সোলাইমানির এ মৃত্যু ইরানের ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ বা সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য একটি ‘বড় ধরনের ধাক্কা’।

নেতানিয়াহুর দপ্তরের কাছে মিসাইল হামলার দাবি ইরানের

ইসরাইলের প্রাণকেন্দ্র জেরুজালেমে মঙ্গলবার ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের খুব কাছে আঘাত হেনেছে।

মঙ্গলবার ভোরে শুরু হওয়া এই বিশাল হামলায় পুরো অধিকৃত ফিলিস্তিন ভূখ- কেঁপে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে অধিকৃত পশ্চিম তীরসহ বিভিন্ন অঞ্চলের আকাশে ইরানি মিসাইলের সারি দেখা গেছে। আল-কুদস বা জেরুজালেম এলাকায় প্রচ- বিস্ফোরণের শব্দে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

সূত্রমতে, সাইরেন বাজার আগেই বেশ কিছু শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো স্বীকার করেছে, ইরানের বিশাল এই মিসাইল বহরের মধ্যে মাত্র একটি মিসাইল তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। বাকি সব কটি মিসাইল প্রতিরক্ষা দেয়াল ভেদ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

১৮ দিনে তেহরানে ১২ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

ইরানের রাজধানী তেহরানে গত ১৮ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্তত ১২ হাজার ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বরাতে এ তথ্য জানিয়েছেন তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেঘ মোতামাদিয়ান। গভর্নর জানান, ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ক্ষতিপূরণের জন্য পৌরসভা কার্যালয়ে আবেদন করতে পারবেন।