ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কংগ্রেসে ইতিহাসের দীর্ঘতম ভাষণ দিয়েছেন। তবে তার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বিরোধী দল ডেমোক্র্যাটরা। গত বুধবার (৫ মার্চ) দেওয়া এই ভাষণে তিনি বাইডেন প্রশাসনসহ বিভিন্ন ইস্যুতে কড়া সমালোচনা করেন। তারা ট্রাম্পের বিরুদ্ধে প্ল্যাকার্ড উঁচিয়ে বিক্ষোভ জানায় এবং নানা কটাক্ষ করে।

ডেমোক্র্যাটদের এমন আচরণের পর বৃহস্পতিবার (৬ মার্চ) হোয়াইট হাউজের পক্ষ থেকে এক প্রতিক্রিয়া জানানো হয়, যেখানে তাদের ‘পাগলদের দল’ বলে আখ্যায়িত করা হয়।

ট্রাম্পের বক্তব্য চলাকালীন সময়ে ডেমোক্র্যাট সদস্যরা উচ্চস্বরে অসন্তোষ প্রকাশ করেন এবং তার প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

ট্রাম্প প্রশাসনের কার্যকলাপ নিয়ে তাদের ক্ষোভ দীর্ঘদিনের, তবে এই ভাষণের সময় তা আরও স্পষ্ট হয়ে ওঠে।

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট ডেমোক্র্যাটদের এই আচরণকে ‘অস্বাভাবিক’ ও ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, "ডেমোক্র্যাটরা তাদের পাগলামি প্রকাশ করেছে। দলটি আমেরিকাকে ধ্বংস করতে চায়।" পাশাপাশি তিনি ট্রাম্পের ভাষণকে ‘সুন্দর’ হিসেবে উল্লেখ করে দাবি করেন, ডেমোক্র্যাটদের আচরণই প্রমাণ করে যে তারা যুক্তরাষ্ট্রের কল্যাণ চায় না।

ডেমোক্র্যাটরা অবশ্য ট্রাম্পের বক্তব্যকে ‘একপেশে’ ও ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে বিভাজন সৃষ্টি করতে চান এবং রাজনৈতিক প্রতিপক্ষকে অপমান করেন। ট্রাম্পের ভাষণে ব্যবহৃত শব্দ ও ভঙ্গি নিয়ে সমালোচনা করে তারা বলেন, "এটি কেবলমাত্র বিদ্বেষ ছড়ানোর কৌশল।"

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই ঘটনা নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ট্রাম্প ও ডেমোক্র্যাটদের মধ্যকার তীব্র মতবিরোধ আগেও দেখা গেছে, তবে সামনের নির্বাচনের আগে এই বাকযুদ্ধ আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।