ইরানের বেসামরিক জ্বালানি অবকাঠামো– যেখানে বিদ্যুৎ কেন্দ্র, তেলকূপ এবং খার্গ দ্বীপ অন্তর্ভুক্ত, সেগুলোতে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী তেহরান পুনরায় উন্মুক্ত করে না দিলে এ হামলা চালানো হবে বলে জানান তিনি।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প সতর্ক করেন, যদি কোনো সমঝোতায় পৌঁছানো না যায়, তবে এ সংঘাত আরও তীব্র হবে।
পোস্টে তিনি লিখেছেন, ‘অনেক অগ্রগতি হয়েছে কিন্তু, যদি কোনো কারণে দ্রুত চুক্তি না হয়– যা হওয়ার সম্ভাবনা রয়েছে– এবং যদি হরমুজ প্রণালী অবিলম্বে ‘ব্যবসা-বাণিজ্যের জন্য উন্মুক্ত’ করে দেওয়া না হয়, তবে আমরা ইরানে আমাদের এই চমৎকার ‘অবস্থান’ শেষ করব।
আমরা তাদের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ ও খার্গ দ্বীপ উড়িয়ে দেব এবং সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেব।’
মার্চের শুরু থেকে ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয় ও তেলের দাম কয়েক গুণ বেড়ে যায়।
এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা চালাবেন।
পরে অবশ্য ‘ফলপ্রসূ আলোচনা’র কথা বলে সেই আল্টিমেটাম পিছিয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন তিনি।
বিপরীতে ইরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করে আসছে।