যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও তাদের অবকাঠামোকে নতুন লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সংযোগ আছে এমন শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানির অফিস ও অবকাঠামোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এসব প্রযুক্তি সামরিক কাজে ব্যবহৃত হওয়ায় সেগুলো এখন ‘ইরানের নতুন লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হতে পারে।
তালিকায় গুগল, মাইক্রোসফট, প্যালান্টির, আইবিএম, এনভিডিয়া ও ওরাকল–এর নাম রয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্লাউডভিত্তিক সেবার অফিস ও অবকাঠামো ইসরায়েলের বিভিন্ন শহর ছাড়াও কয়েকটি উপসাগরীয় দেশেও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ যখন অবকাঠামোগত যুদ্ধের দিকে বিস্তৃত হচ্ছে, তখন ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’র পরিধিও বাড়ছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে অঞ্চলজুড়ে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকেও হামলার হুমকি দিয়েছে ইরান। খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের এক মুখপাত্র বলেন, ইরানের একটি ব্যাংকের ওপর হামলার পর শত্রুরা এমন পরিস্থিতি তৈরি করেছে যে, এখন অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ‘জায়নিস্ট শাসনব্যবস্থা’ সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার সুযোগ তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এসব ব্যাংকের এক কিলোমিটার এলাকার মধ্যে সাধারণ মানুষকে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।