যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির পর ইরানে হামলা বন্ধ রাখলেও লেবাননের সাথে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গণহত্যা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরাইল। বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুত এবং দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় দক্ষিণ লেবাননে অন্তত সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আগের দিন বুধবার একদিনেই দেশজুড়ে ২৫৪ জন নিহত হওয়ার পর নতুন করে এই হামলার ঘটনা ঘটল।

বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর লেবাননে আধিপত্যবাদী ইসরাইলের আগ্রাসী হামলা যেন নতুন মাত্রা পেয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চের পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৩৯ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৫ হাজার ৮৭৩ জন।

গত নভেম্বরে ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়। কিন্তু জায়ানবাদি ইসরাইল চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে। শর্ত মোতাবেক ইসরাইল লেবানন থেকে সেনা অপসারণে গড়িমসি করে এবং হামলা অব্যাহত রাখে।

লেবাননের সিভিল ডিফেন্সের তথ্যমতে, বুধবার ইসরায়েলি হামলায় লেবাননজুড়ে অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের আব্বাসিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কাফরা, জুমাইজমেহ, সাফাদ আল-বাত্তিখ, মাজদাল সেলম, দেইর আন্তার এবং কাসমিয়েহ সেতু এলাকায় সিরিজ বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। হারিস শহরে চালানো হয় আর্টিলারি হামলা।

অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ শহরতলির শিয়াহ এলাকার একটি আবাসিক ভবনেও বিমান হামলা চালানো হয়। তবে সেখানে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বুধবার রাতে বৈরুতের দক্ষিণে লাইলাকি-কাফাত এলাকায় জোরালো হামলার শব্দ পুরো রাজধানীজুড়ে শোনা যায়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘অপারেশন ইটারনাল ডার্কনেস’ নামের এই বড় পরিসরের অভিযানে প্রায় ৫০টি যুদ্ধবিমান অংশ নেয়। তারা মাত্র ১০ মিনিটের মধ্যে ১৬০টি যুদ্ধাস্ত্র ব্যবহার করে বৈরুত, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননের প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এ বিষয়ে ইসরায়েলের সেনাপ্রধান আইয়াল জমির বলেন, ‘আমরা বিরতিহীনভাবে লেবাননে হামলা চালিয়ে যাব।’ তিনি আরও জানান, হিজবুল্লাহকে লক্ষ্য করে তাদের এই অভিযান চলবে এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা জোরদারে সব ধরনের সুযোগ কাজে লাগানো হবে।